রাঙামটিতে ট্রাকের চাপায় এক নারী নিহত


রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতার কেন্দ্রের শিমুলতলী এলাকায় মালবাহী ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা মনিরা বেগম(৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক গুরুতর আহত হলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়,রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি বেতার কেন্দ্রের শিমুলতলী এলাকায় পাহাড়ি সড়কে উঠতে না পেরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ট্রাকটির পাশ দিয়ে একটি চলন্ত অটোরিকশা ট্রাকের চাপায় ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রী মনিরা বেগম ও চালক আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা আহতদের উদ্ধার করে রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যাত্রী মনিরা বেগমকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাঙামাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আরএমও ডা. সওকত আকবর চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যায়। অটোরিকশা চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দীন জানান, রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

















