parbattanews

খাগড়াছড়িতে প্রশিক্ষণ কর্মশালায় তৃণমূল উন্নয়ন সংস্থার বৈষম্যনীতির অভিযোগ সাংবাদিকদের

xcdf5

নিজস্ব প্রতিবেদক, পার্বত্যনিউজ :

খাগড়াছড়িতে ইউএনডিইএফ ও তৃণমূল উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও’র প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৪টি উপজেলার কোনো সাংবাদিক অংশগ্রহণের সুযোগ পায়নি। সংস্থাটির বিরুদ্ধে বৈষম্যমূলকনীতির অভিযোগ এনে খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙ্গা ও মানিকছড়ি প্রেসক্লাব এবং গুইমারা সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

জানা গেছে, ইউএনডিইএফ ও তৃণমূল উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও যৌথভাবে তথ্য অধিকার আইন বিষয়ে দুইব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে দু’দিন ব্যাপী এ কর্মশালা শুরু হয়।

কর্মশালায় জেলা সদরের সিংহভাগ সাংবাদিক ও উপজেলায় কর্মরত কয়েকজন সাংবাদিককে অংশগ্রহণের সুযোগ দেয়া হলেও বেশীরভাগ উপজেলার সাংবাদিকদের বঞ্চিত করা হয়। রামগড়, মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি ও গুইমারায় কর্মরত কোন সাংবাদিককে ঐ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ করেন মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া।

রামগড় প্রেসক্লাবের সভাপতি শ্যামল রুদ্র ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইন জানান, এ উপজেলায় জাতীয় ও আঞ্চলিক দৈনিক পত্রিকার ৮-৯ জন সাংবাদিক কর্মরত। অথচ একজনকেও  সুযোগ দেয়া হয়নি। মানিকছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ মান্নান ও গুইমারা সাংবাদিক ফোরামের সভাপতি মো: আব্দুল আলী কর্মশালার আয়োজক তৃণমূল উন্নয়ন সংস্থা তৃণমূলে কর্মরত সাংবাদিকদের প্রতি এধরণের বৈষম্যমূলক আচরণে ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে তৃণমূল উন্নয়ন সংস্থার খাগড়াছড়ির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এ ব্যাপারে  মোবাইল ফোনে জানান, প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সাংবাদিকদের  নামের তালিকা তৈরির জন্য খাগড়াছড়ি প্রেসক্লাবকে দায়িত্ব দেয়া হয়।  তৃণমূল উন্নয়ন সংস্থার কেউ ঐ তালিকা করেনি। খাগড়াছড়ি প্রেসক্লাব থেকে প্রশিক্ষণের জন্য তালিকা দেয়ার পর এর দায় দায়িত্ব আমরা নিতে পারিনা।

জানা গেছে, দুদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় পানছড়ি উপজেলা থেকে ৪ জন, দীঘিনালা উপজেলা থেকে ২ জন এবং মহালছড়ি উপজেলা থেকে ১ জনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া থেকে ৩০জন সাংবাদিক অংশগ্রহণ করেছে। দু‘দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় আরটি আই অনুসরণ করে অনুসন্ধানী প্রতিবেদন তৈরিসহ প্রাসঙ্গিক বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

Exit mobile version