থানচিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন


বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের পূর্বে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণের স্বাধীনতা ভাস্কর্য চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
সকাল ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা পুলিশ স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, উপজেলা বিএনপি, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, উপজেলা ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং নানা শ্রেণী-পেশার মানুষ একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সকাল ৯টায় উপজেলা মিনি স্টেডিয়ামের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা ওসি কানন সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ওয়াহিদুজ্জামান মুরাদ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ প্রমুখ।
একই দিন মহান মুক্তিযুদ্ধে শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

















