দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় লোকজনের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১০ জুন ২০২৬) সকালে দীঘিনালা জোন সদরে এসব সহায়তা তুলে দেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, এসইউপি, পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন মেজর তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি এবং অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লা আল আজমী।
এ সময় ছোট মেরুং বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা, দারুল উলুম শাহিদা সুমাইয়া বালিকা মাদ্রাসা ও এতিমখানায় খাদ্যসামগ্রী (চাল, আটা, চিনি, তেল ও ডাল) বিতরণ করা হয়।
এ ছাড়া অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তার অংশ হিসেবে মো. বাচ্চু মিয়া ও ক্রিস ত্রিপুরাকে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অন্যদিকে, আগুনে ক্ষতিগ্রস্ত ও জরাজীর্ণ বসতঘর পুনর্নির্মাণের লক্ষ্যে অন্তনিতা চাকমা, বাকী রাম ত্রিপুরা, মোছা. জাহেরা খাতুন, গৌরিকা বালা চাকমা, ফুলেকা চাকমা এবং মার্জিনা বেগমের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
এ সময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন বলেন, সেনাবাহিনী শুধু নিরাপত্তা রক্ষার দায়িত্বই পালন করে না, বরং মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবেও কাজ করে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও দীঘিনালা জোন জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।