নারী ধর্ষণ, নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন


পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ধর্ষণ, নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে উইমেন্স রিসোর্স নেটওয়ার্ক এর ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের কেন্দ্রীয় সমন্বয়কারী শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন সুজন’র খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহম্মেদ, ওয়ান স্টপ ক্রাইসিস সেল, খাগড়াছড়ির প্রোগ্রাম অফিসার মোঃ রুবেল বিশ্বাস, সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ, চিংমেপ্রু মারমা, উন্নয়ন সংস্থা জাবারাং এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, আলো এর নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমা, দুর্বার নারী নেটওয়ার্কের প্রতিনিধি নমিতা চাকমা, খাগড়াছড়ি মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক সুইচিং থুই প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নারী ধর্ষণ, নির্যাতন ও সহিংসতা মামলার দীর্ঘসূত্রতা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ার কারণে এসব ঘটনা নিয়ন্ত্রন করা যাচ্ছেনা। এমনকি অবুঝ
শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছেনা। রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়সহ নানা কারণে জড়িতরা পার পেয়ে যাচ্ছে।
বক্তারা নারীদের নিরাপত্তা, স্বাধীনতা নিশ্চিত করতে হলে দ্রুততম সময়ে আসামি গ্রেফতার, মামলা নিষ্পত্তি এবং সর্বচ্চ শাস্তি
মৃত্যুদন্ডের বিধান করার দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

















