“পার্বত্য চট্টগ্রামে অর্থনৈতিক বৈষম্য দূর করে সমঅধিকার নিশ্চিত করতে হবে”

fec-image

তিন পার্বত্য জেলার বাঙালি জনগোষ্ঠীর জন্য আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ হয়ে যাওয়া ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালুর দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ

সোমবার (৬ জুলাই) খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবদুল মজিদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান,এই তিন পার্বত্য জেলায় বসবাসরত বিপুল সংখ্যক বাঙালি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে শিক্ষা, চাকরি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার হয়ে আসছে। ফলে তাদের জীবনমান উন্নয়ন এবং আর্থিক সক্ষমতা অর্জনের পথ ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, স্থায়ী অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি ফিরিয়ে আনতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা সরকারের প্রতি দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো পার্বত্য অঞ্চলের বাঙালিদের জন্য আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় পূর্বে চালু থাকা ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালু করা।

তাদের দাবি, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের বাঙালি জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টি হবে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন এবং সামগ্রিকভাবে এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অর্থনীতি, পার্বত্য চট্টগ্রাম, সম অধিকার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন