“পাহাড়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করবে”

fec-image

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাহাড়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রগুলোর কঠোর নিরাপত্তায় বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচন প্রস্তুতি পর্যবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন ও কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

দিনব্যাপী বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকার বান্দরবানের থানচি উপজেলার নেটওয়ার্কবিহীন দুর্গম রেমাক্রী ইউনিয়নের রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দলিয়ানপাড়াসমূহের হেলিকপ্টারযোগে ভোটকেন্দ্র পরিদর্শনকালে সেক্টর কমান্ডার দুর্গম ও পাহাড়ি অঞ্চলে অবস্থিত বিদ্যালয়ের দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করেন। এছাড়াও তিনি একজন এতিম ও অভিভাবকহীন পাহাড়ি শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দুর্গম পার্বত্য অঞ্চলে বিজিবি কর্তৃক এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় বলিপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস (পদাতিক), বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলাকাবাসী বলেন, বিজিবির এই মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা অর্জনে উৎসাহ যোগাবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বান্দরবান, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন