পেকুয়ার উজানটিয়ায় বিধ্বস্ত বেড়িবাঁধের মাটি কাটা কাজ শুরু

unnamed
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া পয়েন্টে বিধ্বস্ত বেড়িবাঁধে মাটি ভরাট কাজ আরম্ভ করা হয়েছে। মঙ্গলবার সকালে বেড়িবাঁধের বিলীন অংশে সংস্কার কাজ বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয় ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌং বিলীন হওয়া ওই অংশ সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন।

ওই দিন প্রায় ২হাজারের অধিক শ্রমিক মাটি ভরাট কাজে নিয়োজিত ছিলেন। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এক টানা কাজ চালিয়ে গেছেন তারা। টেকপাড়া পয়েন্টে উজানটিয়া খর স্রোতা মোহনায় বেড়িবাঁধের পূর্বের বিলীন হওয়া অংশ থেকে বাঁধটি অধিকতর টেকসই করতে পূর্বের স্থানের পরিবর্তে বর্তমান বাঁধ নির্মিত হচ্ছে প্রায় ৩০মিটার ভিতরে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে পানি উন্নয়ন বোর্ড নিয়ন্ত্রিত ৬৫/২বি পোল্ডারের উজানটিয়ার টেকপাড়া এলাকায় প্রায় ৩৫চেইন বিধ্বস্ত হয়েছে। এদিকে বেড়িবাধেঁর খোলা অংশ মাটি ভরাট কাজ শুরু হওয়ায় গতকাল থেকে উজানটিয়া ইউনিয়নের লোকালয়ে সাগরের পানি প্রবেশ আগের তুলনায় অনেক কমে গেছে।

উজানটিয়া বাসির মৃত ফাঁদ খ্যাত ওই ভাঙ্গা অংশে সংস্কার কাজ বাস্তবায়ন শুরু হওয়ায় এলাকাবাসীদের মধ্যে স্বস্তিভাব ফিরে এসেছে। বেড়িবাঁধে মাটি ভরাট কাজ আরম্ভ হওয়ার এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ নতুন করে বেচে থাকার স্বপ্ন দেখেছে।

জোয়ারের পানিতে লোকালয় প্লাবিত হওয়ায় উজানটিয়ার পূর্ব ও দক্ষিণ অংশের হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মাটি ভরাট কাজ চলমান থাকায় এসব মানুষগুলো আবারো তাদের নীড়ে ফিরে আসতে শুরু করেছে।

জানা গেছে গত এক সপ্তাহ ধরে সাগরের পানিতে নিম্নাঞ্চলের এসব মানুষ পানিবন্দি রয়েছে। এরই ফলে স্থানীয় অর্থনীতিতে চরম বিপর্যয় দেখা দিয়েছে। উজানটিয়া চকরিয়ার দরবেশ কাটা, কোনাখালী, ডেমুশিয়া থেকে আগত প্রায় দু’হাজার শ্রমিক মাটি কাটার কাজে অংশ নিয়েছিলেন।

এ ব্যাপারে উজানটিয়া ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌং জানিয়েছেন, আমি মঙ্গলবার থেকে সংস্কার কাজ শুরু করেছি। প্রতিদিন শ্রমিকদের বেতন আসছে প্রায় ৮লাখ টাকা। এভাবে কাজ চলতে থাকবে। তিনি আরো বলেন, স্থানীয় এমপি, পাউবোর প্রধান প্রকৌশলী ও জেলা প্রশাসক মহোদয় যান মাল রক্ষার জন্য আমাকে যেকোন উপায়ে কাজ চালিয়ে যেতে নির্দেশনা দিয়েছেন।

পেকুয়ার ইউএনও মোঃ মারুফুর রশিদ খান জানিয়েছেন, মাননীয় এমপি ও জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টায় এবং স্থানীয় চেয়ারম্যানের প্রশংসনীয় উদ্যেগের ফলে কাজটি দ্রুত সময়ে বাস্তবায়িত হচ্ছে। আমি আশা করব কাজটি যাতে স্বচ্ছভাবে হয়ে থাকে। তবে আমি একাজের সার্বক্ষণিক মনিটরিং অব্যহত রাখছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন