বগাছড়িতে পাহাড়ি গ্রামে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

10859706_790050647732121_1023805085_n

প্রেস বিজ্ঞপ্তি :

রাঙামাটির নান্যাচর উপজেলার বগাছড়িতে পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগ ও বৌদ্ধ বিহারে হামলকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন-এর খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নারাঙহিয়া, উপজেলা প্রাঙ্গন হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ইউপিডিএফ’র কেন্দ্রীয় নেতা সজিব চাকমা বিজয় দিবসের দিন বগাছড়িতে পাহাড়ি গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়ে অভিযোগ করে বলেন, স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে নানা সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু কোন সরকারই পার্বত্য চট্টগ্রামের জন্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের মঙ্গলের জন্য এগিয়ে আসেনি। এই দেশের শাসকশ্রেণী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগণসহ দেশের সাধারণ জনগণকে বিভিন্নভাবে শোষণ-নির্যাতন চালিয়ে দেশ শাসন করছে।

তিনি শাসকগোষ্ঠীর শোষণ-নিপীড়ন ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও উন্নয়নের কথা বলে পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদের চক্রান্তে মেতে উঠেছে। সেটলারদের মানবঢাল হিসেবে ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক বিষবাস্প ছড়িয়ে দিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। সরকারের এই কূটকৌশলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে পাহাড়ি বসতিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পাহাড়িদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক উস্কানি ও হামলা বন্ধ করার দাবি জানান।

এদিকে সমাবেশ চলাকালে কতিপয় বাঙালী সমাবেশে অংশগ্রহণকারীদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে বক্তারা।

পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা ও খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক জিকো ত্রিপুরা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিশুক চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন