সাতক্ষীরা সীমান্তে

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

fec-image

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) রাত ২টার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যান। পরে কলকাতার হাওড়া হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থান করে রাজমিস্ত্রি শ্রমিক হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে তারা অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বসন্তপুর সীমান্ত সংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাত সোয়া তিনটার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।

কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ তাদের গুলি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান গণমাধ্যমে বলেন, সাতক্ষীরার দীর্ঘ সীমান্তে ৩৩ ও ১৭ বিজিবি ছাড়াও সুন্দরবনের ভেতরে রিভারাইন বিজিবি কাজ করছে। আহত ওই দুজন ঠিক কোন এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিএসএফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন