বিশ্বকাপ জিতলে একটি অফিসিয়াল ফুটবল চাঁদে পাঠাবে নাসা

fec-image

২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে উত্তেজনা এবার মাঠ পেরিয়ে পৌঁছে গেছে মহাকাশেও। স্বাগতিক যুক্তরাষ্ট্র বিশ্বচ্যাম্পিয়ন হলে দলের ব্যবহৃত একটি অফিসিয়াল ম্যাচবল চাঁদে পাঠানোর ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

ফ্রান্সের প্রভাবশালী ক্রীড়া দৈনিক এল’একিপ এবং বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার এক অনুষ্ঠানে নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র দলকে শুভকামনা জানিয়ে তিনি বলেন, “আমেরিকান দল, তোমরা এটা করে দেখাও!”

পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র শিরোপা জিতলে ভবিষ্যতের কোনো নাসার রোবটিক চন্দ্রাভিযানে ওই অফিসিয়াল ম্যাচবলটি চাঁদে পাঠানো হবে। একই মিশনে বৈজ্ঞানিক গবেষণার জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতিও বহন করা হবে।

নাসার চন্দ্রাভিযান প্রকল্পের ব্যবস্থাপক কার্লোস গার্সিয়া-গালান জানান, প্রযুক্তিগত দিক থেকে এটি বাস্তবায়ন করা কঠিন নয়। তাঁর ভাষায়, “ফুটবলটি খুবই হালকা। তাই এর ওজন বা জায়গা নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। এখন সবকিছু নির্ভর করছে যুক্তরাষ্ট্র দলের পারফরম্যান্সের ওপর।”

এর আগে ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রচারণার অংশ হিসেবে নাসা একটি অফিসিয়াল ফুটবল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠিয়েছিল। এবার সেই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে চাঁদের মাটিতে ফুটবল পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি।

এদিকে নাসার ঘোষণার পর স্বাগতিক যুক্তরাষ্ট্র দলের ওপর প্রত্যাশার চাপ আরও বেড়েছে। নকআউট পর্বে ওঠা দলটি আগামীকাল ভোর ৬টায় রাউন্ড অব ৩২-এ বসনিয়ার মুখোমুখি হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন