মুসলিমদের হাতেই নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে : এরদোগান


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে ‘অত্যাচারী শাসক’ হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি আশা প্রকাশ করে বলেছেন, গাজায় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে এবং একদিন মুসলিমদের হাতেই নেতানিয়াহু উপযুক্ত শিক্ষা পাবেন।
বুধবার ( ২৭ মে ) ইস্তাম্বুলের চামলিজা মসজিদ-এ ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন এরদোগান।
গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, “আমাদের আধ্যাত্মিক ভূখণ্ডের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গাজায় যেসব ভাই-বোনেরা দুঃখ, কষ্ট ও গভীর বেদনার মধ্য দিয়ে ঈদ উদ্যাপন করছেন, তাদের প্রতি আমি ও আমার দেশের পক্ষ থেকে গভীর সংহতি জানাই এবং ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি।”
তিনি বলেন, ধর্মীয় উৎসবগুলো সামাজিক বন্ধন, পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সংহতি জোরদারের উপলক্ষ। তবে গাজা উপত্যকার চলমান পরিস্থিতি তুরস্কসহ বিশ্বের মুসলমানদের ঈদ উদ্যাপনে বিষাদের ছায়া ফেলেছে।
এরদোগান আরও বলেন, “আমি বিশ্বাস করি, নেতানিয়াহু নামের এই অত্যাচারী শাসক একদিন বিশ্বের মুসলিমদের হাতেই তার উপযুক্ত শিক্ষা লাভ করবেন।”
উল্লেখ্য, গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকেই তুরস্ক এ যুদ্ধের অন্যতম কড়া সমালোচক। এরদোগান বারবার যুদ্ধবিরতি, মানবিক সহায়তা বৃদ্ধি এবং ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ তৈরির আহ্বান জানিয়ে আসছেন।
















