পানছড়িতে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিজিবির মহান উদ্যোগ
উপজেলা প্রতিনিধি, পানছড়ি :
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুটি ইউনিয়ন ১নং লোগাং ও ২নং চেংগী। উপজেলার দুর্গম ও প্রত্যন্ত এই দুটি ইউনিয়নের মানুষ বরাবরই দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এলাকার হতদরিদ্র মানুষরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে তাদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠায়। কিন্তু অনেক সময়ই দেখা যায়, অষ্টম শ্রেণীর গন্ডি পার হতে না হতেই দারিদ্রতার কারণে তারা লেখাপড়ার ইতি টানে। তাই এই হতদরিদ্র জনগোষ্টির জন্য ২০ বিজিবি লোগাং জোন উৎসাহ-উদ্দীপনা, উপবৃত্তি ও আর্থিক সহযোগিতা সব সময়ই অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় এবারের উদ্যোগটি ছিল সম্পুর্ন ভিন্ন। ২০ বিজিবির এবারের উদ্যোগে ছিল লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় ও লোগাং উচ্চ বিদ্যালয়ের ১৮৯ জন ছাত্র-ছাত্রী যারা ২০১৪ সালে এসএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য ২মাস ব্যাপী বিনামূল্যে কোচিংয়ের ব্যবস্থা এবং যে শিক্ষকরা কোচিং করিয়েছেন তাদের দেওয়া হয়েছে সম্মানী ভাতা। তাছাড়া পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসাবে একটি জ্যামিতি বক্স, স্কেল ও ক্লিপ বোর্ডও প্রদান করা হয়। যা ৯ ফেব্রুয়ারীতে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার পূর্ব প্রস্তুতি।
এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় লোগাং বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষকদের মাঝে সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০ বিজিবি লোগাং জোনের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন জোন অধিনায়ক লে: কর্ণেল জাহাংগীর হোসেন।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আফছানা বিলকিস। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, আঞ্চলিক পরিষদ সদস্য মো: ইউছুফ, সাবেক জেলা পরিষদ সদস্য পূর্ণ জ্যোতি চাকমা, লোগাং ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, ২নং চেংগী ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, সাবেক চেয়ারম্যান সতীশ চন্দ্র চাকমা, সাধন চন্দ্র চাকমাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য ও অভিভাবকবৃন্দ।


















