‘ভোক্তার অসচেতনতার কারণে অসাধু ব্যবসায়ীরা অপকর্ম করে’


ভোক্তার অসচেতনতার কারণে অসাধু ব্যবসায়ীরা অপকর্ম করে বলে মন্তব্য করেছেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামান।
বুধবার (৫ জুন) সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সরকারের এ অতিরিক্ত সচিব বলেন, বাজারে খোলা অবস্থায় খাদ্যসামগ্রী বিক্রি, খাবারে মুদ্রিত কাগজ এবং প্লাস্টিকের ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতি বয়ে আনছে। ভোক্তাদের অসচেতনতার কারণে কিছু অসাধু ব্যবসায়ীরা এইসব অপকর্ম করে। এইজন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ স্কুল- কলেজ বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক প্রচারণা, লিফলেট বিতরণ, ব্যবসায়ীদের ডাটাবেইজের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে।
তিনি আরও বলেন, বাঁচার জন্য আমাদের নিরাপদ খাদ্য গ্রহণ করতে হবে, ঘটাতে হবে আইনের প্রয়োগ।
জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে এসময় রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুনতাসির মাহমুদসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। কর্মশালায় হোটেল মালিক ও সচেতন নাগরিকগণ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিল।

















