লামায় হাতি মেরেছে মানুষ এবং মানুষ মেরেছে হাতি


বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে হাতির আক্রমণে এক কৃষক এবং অপর ঘটনায় কৃষকের পাতানো বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। উভয় ঘটনাটি ঘটেছে ফাঁসিয়াখালী ইউনিয়নে। এই ইউনিয়নের বিছইন্যাঘোনা এলাকায় হাতির আক্রমণে ফরিদুল আলম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ০৭ ই
মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর রাতে এই ঘটনা ঘটে। নিহত ফরিদুল আলম চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া পাহাড়তলী গ্রামের আলী আহমদের ছেলে।
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হাতির আক্রমণের কৃষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ধান খেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির পাল খেতে নেমে পড়ে। এ সময় হাতি তাড়ানোর চেষ্টা করলে দলছুট একটি হাতি কৃষক ফরিদুল আলম কে শুড় দিয়ে আছড়ে মেরে ফেলে। লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতাএলাহী জানান, বন বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
অপর ঘটনায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, দক্ষিণ ঘুনিয়া পাহাড়ী এলাকায় কৃষক ফরিদুল আলমের লাউ খেত রয়েছে। গত এক সপ্তাহ ধরে বন্য হাতির একটি দল লাউ খেত সহ ফসলি জমিতে হানা দিচ্ছিল। খেত খামার নষ্ট করে ফসলি জমির ব্যপক ক্ষতি সাধন করে যাচ্ছে। রাতের যে কোন সময় লাউ খেতের পাশেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্য হাতিটি মারা যায়।
লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ কে এম আতাএলাহী জানান, প্রাথমিক আলামতে হাতিটিকে বৈদ্যুতিক শর্ট দিয়ে হত্যা করা হয়েছে মর্মে ধারনা করা হচ্ছে। কৃষক ফসলি জমি রক্ষায় খেতের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখে বলে জানা গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে এবং পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















