ড. ইউনূস-মোদির বৈঠক দুই দেশের জন্য আশার আলো : ফখরুল

বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যকার বৈঠককে দুই দেশের জন্য ‘আশার আলো’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।মির্জা ফখরুল ইসলাম বলেন, বিমসটেকে সাইডলাইন বৈঠক হয়েছে। এটা (বৈঠক) খুব আনন্দের কথা। আমরা মনে করি, ভূ-রাজনীতি এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ-ভারতের এই অঞ্চলের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আমাদের সামনে একটা আশার আলো তৈরি করছে।তিনি বলেন, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস (তিক্ততা) তৈরি হয়েছিল, সেই তিক্ততা যেন আর বেশি সামনে না যায়। অথবা এটা যেন কমে আসে- সেখানে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে।বিএনপি মহাসচিব বলেন, আমি যতদূর দেখেছি তাতে মনে হয়েছে এই ব্যাপারে দুইজনই যথেষ্ট আন্তরিক। এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে…, দুই দেশের মানুষের উপকার করবে।এর আগে আজ শুক্রবার স্থানীয় সময় দুপুরে ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হয়। আধা ঘণ্টার এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়।
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন