তিন দেশে তিন উদ্বোধনী অনুষ্ঠান, মঞ্চ মাতাবেন যেসব বিশ্বখ্যাত তারকারা


২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। প্রথমবারের মতো তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপের আসর। একই সঙ্গে তিন দেশেই অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় শুরু হবে বর্ণাঢ্য এই আয়োজন। অনুষ্ঠানে মেক্সিকোর সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পকলার নানা দিক তুলে ধরা হবে। স্থানীয় সংগীত, নৃত্য পরিবেশনার পাশাপাশি দর্শকদের মুগ্ধ করবে বিখ্যাত ‘পাপেল পিকাডো’ শিল্পকলার প্রদর্শনী।
উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। ২০১০ বিশ্বকাপের জনপ্রিয় গান ‘ওয়াকা ওয়াকা’র পর এবারও তিনি বিশ্বকাপের নতুন থিম সং পরিবেশন করবেন। তার সঙ্গে মঞ্চে থাকবেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয় এবং আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা।
অন্যদিকে কানাডার টরন্টো স্টেডিয়ামেও অনুষ্ঠিত হবে পৃথক উদ্বোধনী আয়োজন। সেখানে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, আলেসিয়া কারা এবং বলিউড তারকা নোরা ফাতেহিসহ আরও অনেক শিল্পী।
তৃতীয় ও শেষ উদ্বোধনী অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে। এই আয়োজনে পারফর্ম করবেন কেটি পেরি, অ্যানিত্তা, লিসা ও রেমাসহ একঝাঁক বিশ্বখ্যাত তারকা। যুক্তরাষ্ট্রের ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে উদ্বোধনী দিনের বর্ণাঢ্য আয়োজন।
তিন দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও বিনোদনের সমন্বয়ে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় এক অভিজ্ঞতা হয়ে উঠবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

















