সেনাবাহিনীর বুদংছড়া এলাকায় অভিযান

ইউপিডিএফ’র ৩ সশস্ত্র সন্ত্রাসী আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

fec-image

পার্বত্য চট্টগ্রামের গুইমারা রিজিয়নের আওতাধীন বুদংছড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গোলাবারুদ এবং চাঁদাবাজির সরঞ্জামাদিসহ পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কালেক্টর রনেল চাকমাসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৬ মে শনিবার আনুমানিক দুপুর ১২টায় সন্ত্রাসীদের আটক করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল বুদংছড়া এলাকায় অবস্থান গ্রহণ করে এবং আনুমানিক দুপুর ১২টায় দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ঘটনাস্থল অতিক্রমের চেষ্টা করলে তাদের থামার জন্য চ্যালেঞ্জ করেন। চ্যালেঞ্জ উপেক্ষা করে সশস্ত্র সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে আকস্মিক গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে অভিযানদল তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালায়। এতে ইউপিডিএফ (মূল) দলের সদস্য সাথোয়াই মারমা (৩২) ঘাড়ে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থল থেকে রনেল চাকমা (২৮) ও সার্চিং মারমা ওরফে রাজু (২২) নামক দুইজনকে আটক করা হয়।

আরো জানানো হয়, অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১টি একে-২২ রাইফেল (ম্যাগাজিনসহ), ৬ রাউন্ড তাজা গুলি, ১টি ফায়ারকৃত গুলির কার্তুজ এবং আনুষাঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আহত সন্ত্রাসী সাথোয়াই মারমাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছে।

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে নিরাপত্তা বাহিনীর এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেক করে বাংলাদেশ সেনাবাহিনী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অভিযান, অস্ত্র, আটক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন