খাগড়াছড়িতে ১৯০ কৃষকের মাঝে কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ

fec-image

কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ প্রদান করা হয়। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষক এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

“কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং সরকারের নিবিড় পরিচর্যা কর্মসূচির আওতায় কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা বলেন, “সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যেই বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নতমানের উপকরণের ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা কৃষকদের পরিবেশ সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বৃক্ষরোপণ করুন, বনায়ন রক্ষা করুন। বিশেষ করে ছড়া ও জলাধারের আশপাশের এলাকায় নির্বিচারে গাছ কাটা থেকে বিরত থাকতে হবে। গাছ সংরক্ষণ করা গেলে পানির উৎস টিকে থাকবে এবং কৃষকরা সেচ কাজে ছড়ার পানি ব্যবহার করতে পারবেন। পরিবেশ ও কৃষির স্বার্থে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।”

তিনি আরও বলেন, আমন ধানের আবাদ সম্প্রসারণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কৃষকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এ কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে সবুজায়নের পরিধি আরও বিস্তৃত হবে।

উপকারভোগী কৃষকরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত সহায়ক উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, বিনামূল্যে প্রাপ্ত বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ তাদের চাষাবাদে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন