মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫

fec-image

মিয়ানমারের উত্তরাঞ্চলে শান রাজ্যের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ এক বিস্ফোরণে শিশুসহ অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েক জন।

সোমবার ( ১ জুন) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল  চীন সীমান্তের কাছে অবস্থিত নামখাম টাউনশিপের কাওং টাট গ্রামে এ প্রাণঘাতী ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন।

গ্রামটি নিয়ন্ত্রণকারী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনিশিল্পে ব্যবহারের জন্য সংরক্ষিত বিস্ফোরক উপাদান দুর্ঘটনাবশত বিস্ফোরিত হওয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

টিএনএলএ মায়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করা অন্যতম শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী।

ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে টিএনএলএ জানায়, স্থানীয় সময় রবিবার দুপুর ১২টার দিকে এই ‘দুর্ঘটনাজনিত বিস্ফোরণ’ ঘটে।

টিএনএলএ তাদের বিবৃতিতে জানায়, “এই বিস্ফোরণের ফলে বহু স্থানীয় বাসিন্দা প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং তাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।” তবে তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে বিশাল গর্ত, চারপাশে ভেঙে পড়া ভবন, পোড়া ধ্বংসাবশেষ এবং ধোঁয়া ওঠা গাছপালা ছড়িয়ে রয়েছে।

সূত্রবিবিসি

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিস্ফোরণ, ভয়াবহ, মিয়ানমার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন