ইতিহাস সৃষ্টি করে শেষ ষোলো নিশ্চিত মেক্সিকোর, জয়ের পর উল্লাসে প্রাণ গেল দুজনের


দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফুটবল বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করেছে মেক্সিকো। গত মঙ্গলবার রাতে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬ বা নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক ‘এল ত্রি’রা। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বমঞ্চের নকআউট পর্বে কোনো ম্যাচ জেতার স্বাদ পেল মেক্সিকানরা। ঐতিহাসিক এই জয়ের পর মেক্সিকো সিটির রাস্তাগুলোতে নেমে এসেছে মানুষের ঢল, ফুটবল ভক্তদের বাঁধভাঙা উল্লাসে পুরো দেশ যেন এক উৎসবে মাতোয়ারা হয়ে উঠেছে।
প্রিয় দলের জয়ের পর উল্লাস করতে গিয়ে মেক্সিকো সিটিতে প্রাণ গেল দুজনের। বিষয়টি নিশ্চিত করেছে শহর কর্তৃপক্ষ।
মেক্সিকো সিটির স্বাস্থ্যসচিব জানান, জাতীয় দলের ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের জয় উদ্যাপন করতে বিপুল জনসমাগমের মধ্যে ১৯ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ মারা যান। জরুরি সেবাকর্মীরা তাদের বাঁচিয়ে তুলতে পারেননি।
স্থানীয় গণমাধ্যমে তৃতীয় একজনের মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।
সূত্র : রয়র্টাস

















