ফিফা থেকে বিশাল অঙ্কের অর্থ পাচ্ছে কেপ ভার্দে

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের চমক দেওয়া দল কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের গ্রুপে অপরাজিত ছিল তারা। উরুগুয়েকে বিদায় করে নকআউট পর্বেও উঠে যায়। সেখানে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে।
শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। যাতে ৩-২ গোলে হেরেছে ভোজিনহারা। বিশ্ব ফুটবলের প্রশংসা কুড়িয়েছে। তবে এখানেই শেষ নয়। বিশ্বকাপে চার ম্যাচ খেলতে পারা কেপ ভার্দে ফিফা থেকে পেতে যাচ্ছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার।
বিশ্বকাপ শুরুর আগে অংশ নেওয়া দলগুলোর প্রাইজমানির রূপরেখা দিয়েছিল ফিফা। ওই অনুযায়ী, বিশ্বকাপে জায়গা পেয়ে ও নকআউটে খেলে ইতিহাস গড়া কেপ ভার্দে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা থেকে ২৩.৫ মিলিয়ন ডলারের অর্থ পুরস্কার পাবে। বাংলাদেশের হিসাবে যা প্রায় ২৯০ কোটি টাকা।
ফিফার অর্থ পুরস্কারের রূপ রেখা অনুযায়ী, বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা বা গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলার জন্য প্রতিটি দল পাবে ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১২৫ কোটি টাকা। বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রতি দলকে ২.৫ মিলিয়ন ডলার বা প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
ভোজিনহারা বিশ্বকাপের নকআউট পর্ব খেলায় ফিফা থেকে পাবেন ১১ মিলিয়ন ডলার বা প্রায় ১৩৫ কোটি টাকা। তবে এই অর্থ কেপ ভার্দের ফুটবলাররা পাবেন না, অর্থ যাবে কেপ ভার্দের ফুটবল ফেডারেশনে। সেখান থেকে কিছু অর্থ বোনাস ও পুরস্কার হিসেবে পাবেন দেশটির ফুটবলাররা। ফিফার নির্দেশনা অনুযায়ী, বাকি অর্থ দেশটির ফুটবলে উন্নয়নে ধারাবাহিকভাবে খরচ করতে হবে।
















