কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে দুই পজিশনে অনিশ্চয়তা


গ্রুপ পর্বে টানা তিন জয়ে দারুণ ছন্দে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। ফলে নক আউটের আজকের লড়াইকে কোনোভাবেই সহজভাবে নিচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি ও তার শিষ্যরা।
বাংলাদেশ সময় শনিবার ( ৪ জুলাই) ভোর ৪টায় মায়ামিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচের আগে শেষ অনুশীলন সম্পন্ন করলেও সংবাদ সম্মেলনে শুরুর একাদশ নিয়ে কোনো ইঙ্গিত দেননি স্কালোনি।
আর্জেন্টিনা কোচ জানান, সম্ভাব্য একাদশ প্রায় চূড়ান্ত হলেও তা এখনো খেলোয়াড়দের জানানো হয়নি। তাই ম্যাচের আগেই সংবাদমাধ্যমের সামনে সেটি প্রকাশ করতে চান না তিনি।
তবে আর্জেন্টিনা শিবিরে রয়েছে একটি স্বস্তির খবর। ডান হাঁটুর চোট কাটিয়ে দলে ফিরতে প্রস্তুত হয়েছেন অভিজ্ঞ সেন্টার ব্যাক ক্রিস্তিয়ান রোমেরো। সতর্কতার অংশ হিসেবে আগের ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
রোমেরোকে নিয়ে স্কালোনি বলেন, “সে ভালো আছে এবং পুরো অনুশীলন করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে সে খেলবে। ম্যাচের আগে শেষবার পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
তবে শুরুর একাদশের দুটি পজিশন নিয়ে এখনো ভাবনায় রয়েছে কোচিং স্টাফ।
আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসির সঙ্গী হিসেবে লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ—কে শুরু করবেন, তা এখনো নিশ্চিত হয়নি।
এ ছাড়া বাঁ-প্রান্তের রক্ষণেও রয়েছে প্রতিদ্বন্দ্বিতা। সাম্প্রতিক ম্যাচগুলোতে ভালো পারফর্ম করেছেন ফাকুন্দো মেদিনা। অন্যদিকে চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো। ফলে এই পজিশনে শেষ মুহূর্ত পর্যন্ত সিদ্ধান্তহীনতা থাকতে পারে।
স্কালোনি বলেন, “মেদিনা নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। একই সঙ্গে তাগলিয়াফিকোও এখন পুরোপুরি ফিট। তাই দুজনই আমাদের বিবেচনায় রয়েছে।”
সব মিলিয়ে এই দুটি পজিশন ছাড়া বাকি জায়গাগুলো প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ।
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ এবং ফাকুন্দো মেদিনা/নিকোলাস তাগলিয়াফিকো।
মাঝমাঠ: রদ্রিগো দি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা।
আক্রমণভাগ: লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজ/হুলিয়ান আলভারেজ।

















