চকরিয়ায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ


কক্সবাজারের চকরিয়ায় পৈত্রিক বসতভিটার গাছ কাটায় বাধা দিলে ছোট ভাই ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে বড় ভাই নুরুল ইসলাম (৫২)-কে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন।
নিহত নুরুল ইসলাম (৫২) ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে। তবে নুরুল ইসলাম পরিবার থেকে আলাদা হয়ে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করতেন।
নিহতের ছোট ভাই আব্দুর রহিম (৪২) ঘটনার পরপরই পালিয়ে যান।
নাছির উদ্দিন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শুক্রবার সকালে আব্দুর রহিম তাঁর পৈত্রিক বসতভিটার গাছপালা বিক্রির উদ্দেশ্যে কাটা শুরু করেন। এ সময় বাড়ির লোকজন বড় ভাই নুরুল ইসলামকে খবর দেন। এরপর নুরুল ইসলাম এসে ছোট ভাইকে পৈত্রিক বসতভিটার গাছ না কাটার জন্য বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে বড় ভাইয়ের পায়ে এলোপাতাড়ি কোপ দেন। এতে নুরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে বাড়ির নারীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানার ওসিকে জানানো হয়। ঘটনার পরপরই রহিম পালিয়ে যান।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। অভিযুক্ত ভাই পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। রহিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

















