টেকনাফে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ আরো এক মাদক কারবারি আটক


কক্সবাজারের টেকনাফে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ আরো এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার (২৮ জুন) দুপুরে টেকনাফের মিঠাপানিরছড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক মিঠাপানিরছড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি সন্দেহভাজন সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশাটিতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পাচারের অভিযোগে অটোরিকশাসহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।
জব্দকৃত ইয়াবা, অটোরিকশা এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। দেশের সীমান্তবর্তী এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে রোববার ভোর রাতে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই জন মাদক পাচারকারী আটক করে টেকনাফ কোস্ট গার্ড।

















