সেনার পর এবার কক্সবাজারসহ ৫ জেলায় বিজিবি মোতায়েন

fec-image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কায় দেশের পাঁচ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আজ সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া দেশের অন্যান্য জেলায় প্রয়োজন হলে তাৎক্ষণিক মোতায়েনের জন্য বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য অস্থিতিশীলতার আশঙ্কায় ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। এ বিষয়ে আজ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে পাঠানো এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এতে জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের ২২ থেকে ৩০ জুন পর্যন্ত বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়। একই সঙ্গে কোস্ট গার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সমপদমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, বিজিবি, মোতায়েন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন