নাফ নদী পথে পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

fec-image

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নদী পথে ইয়াবা পাচারের একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা উদ্ধার করেছে।

শুক্রবার (০৩ জুলাই) দুপুরে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল কেরেঙ্গাঘোনা পোস্ট-২ এর নিকটবর্তী সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার সীমান্ত থেকে এক ব্যক্তিকে একটি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ওই চোরাকারবারী তার হাতের পোটলাটি ফেলে রেখে তাৎক্ষণিকভাবে নাফ নদীতে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়। পরে টহল দল ঘটনাস্থল তল্লাশি করে কালো কাপড়ে মোড়ানো ও বায়ুরোধী পলিথিনের ভেতর থেকে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠার পর থেকেই দেশের সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান রোধে নিরলসভাবে কাজ করে আসছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ, নাফ নদী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন