রামুতে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু



নিজস্ব প্রতিনিধি:
রামুতে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এরা হলো, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী বুথপাড়া এলাকার মো. কাশেমের কন্যা দ্বিতীয় শ্রেণির ছাত্রী রিপা মনি (৮) ও রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফকিন্নিরচর এলাকার আবদুস শুক্কুরের পুত্র দ্বিতীয় শ্রেণির ছাত্র ওসমান গনি (৯)।
হাইটুপী এলাকার বাসিন্দা সাবেক ছাত্রনেতা নুরুল আমিন নান্নু জানিয়েছেন, শুক্রবার দুপুর একটার দিকে বাড়ির পার্শ্ববর্তী খোলা জায়গায় খেলা করার সময় অসাবধানতাবশত বন্যায় সৃষ্ট জলাশয়ে পড়ে যায় রিপা মনি। আধঘণ্টা পর স্থানীয়রা ওই জলাশয় থেকে রিপামনির মৃতদেহ উদ্ধার করে। রিপা মনি রামু বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
এর আগে সকাল আটটায় ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী এলাকায় বাঁকখালী নদীতে ওসমান গনির মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। গত ৩ আগস্ট বিকালে কচ্ছপিয়া ফকিন্নিরচর এলাকায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ছিলো ওসমান গনি। ওইসময় শিশু ওসমান বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলো। ওসমান গনি বেসরকারি সংস্থা ‘ডাকভাঙ্গা বাংলাদেশ’ পরিচালিত ডাকভাঙ্গা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে এসব এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

















