বান্দরবানে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে অভিযান চালিয়ে দুটি দেশীয় অস্ত্রসহ মো. বাবুল নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া এলাকায়।
পুলিশ জানায়, রবিবার রাতে সুলালকের মিঠাখালি মসজিদের পাশে পদুয়াগামী তিন রাস্তার মোড়ে এলাকায় বাবুলসহ কয়েকজন ডাকাতির প্রস্তুতি নেয়। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় স্থানীয়া পুলিশকে খবর দেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যজন পালিয়ে গেলেও বাবুলকে আটক করে পুলিশ। এসময় তার কাছে থাকা ব্যাগ তল্লাসী চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপ গান (এলজি), দুইটি রাম দা, একটি দেশীয় অস্ত্রের কাঠের বাট,তিনটি স্টিলের বিদেশী টর্চলাইট, দুইটি মোবাইল সেট উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বাবুল দীর্ঘদিন এলাকায় ছিনতাই, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় অস্ত্রসহ বাবুলকে গ্রেফতার করা হয়েছে। পলাতক শাহাদাৎকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। বাবুলের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে।


















