খাগড়াছড়িতে আ’লীগ-বিএনপি মেয়র প্রার্থীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছে মেয়র প্রার্থীরা। পৌর শহর ও বাজারের অলিগলিতে গিয়ে জনসাধারণের সাথে গণসংযোগ করছেন তারা।
বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ শুরু করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এডভোকেট মালেক মিন্টু। শাপলা চত্বর হয়ে চেঙ্গী স্কোয়ারের দিকে যাওয়ার সময় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দাড়িয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী ও শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে গণসংযোগে বের হন আওয়াম লীগ সমর্থিত মেয়র প্রার্থী ও নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের নিয়ে মেয়র প্রার্থী মো: শানে আলম।
আওয়ামী লীগ-বিএনপির মেয়র প্রার্থী ও নেতাকর্মীরা যখন একসাথে দাড়িয়ে কৌশল বিনিময় করার সময় উপস্থিত সাংবাদিকের উদ্দেশ্যে দুই প্রার্থীই বলেন, পার্বত্যবাসীকে আমরা দেখাতে চাই আওয়ামী লীগ-বিএনপির মধ্যে কোন দ্বন্দ্ব নেই। ভেদাভেদ ভুলে সহাবস্থানে থেকে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের স্বার্থে সম্প্রীতি ও ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার করেন মেয়র প্রার্থীরা। জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দিয়ে মেয়র বা নগর পিতা নির্বাচিত করা হবে বলেও জানান তাঁরা।
অপরদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পত্র-পত্রিকার শিরোনাম হওয়া বর্তমান মেয়র ও স্বতন্ত্র মেয়রপ্রার্থী রফিকুল আলমসহ অন্যান্য মেয়র প্রার্থীদের পক্ষে বৃহস্পতিবার কোন প্রচারণা বা গণসংযোগ করতে দেখা যায়নি।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে খাগড়াছড়ি সদর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার হোসেন জানান, স্বতন্ত্র মেয়র প্রার্থীর পক্ষে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগের কথা শুনেছি। তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে গণসংযোগের নামে শো ডাউন করে আচরণ বিধি লঙ্ঘনের বিষয়টি বিভ্রান্তিমূলক দাবী করে স্বতন্ত্র প্রার্থী মেয়র রফিকুল আলম জানান, আমি গণসংযোগে বের হয়েছিলাম। সমর্থকরা হুমড়ি খেয়ে পড়লে আমার কিছু করার নেই। এটি আচরণ বিধি লঙ্ঘন নয়, আমার জনপ্রিয়তা।



















