ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি

fec-image

পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে দেশজুড়ে দীর্ঘ ছুটির ঘোষণা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর ফলে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার অফিস খোলা থাকবে। তবে জরুরি পরিষেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ জনজীবনের গুরুত্বপূর্ণ খাতগুলো যথারীতি চালু থাকবে।

এছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহনও ছুটির বাইরে থাকবে বলে জানানো হয়েছে। ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম নিয়ে আলাদা নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।

বেসরকারি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদুল আজহা, ছুটি, প্রজ্ঞাপন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন