এইচএসসি পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন শিক্ষামন্ত্রী : সর্ব মিত্র চাকমা


শিক্ষামন্ত্রী তথা সরকার এইচএসসি পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে বলে অভিযোগ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সমালোচনা করে তিনি তাঁর ফেইসবুক পোস্টে লেখেন যে, ‘শিক্ষার্থীদের ভালো মন্দ বিচার না করে অলীক স্বপ্নে ডুবে থেকে শিক্ষার্থীদের জীবনকে যে ব্যক্তি সঙ্কটের দিকে ঠেলে দেয়, তার শিক্ষামন্ত্রী হবার কোনোরকম যোগ্যতা নেই।’
১৩ জুলাই ফেইসবুক পোস্টে তিনি আরো উল্লেখ করেন, ‘শুধুমাত্র ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের দুর্যোগ কাটিয়ে উঠতে, প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী পুনরায় সংগ্রহ করতে এবং মানসিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার মতো পর্যাপ্ত সময় প্রয়োজন।
সর্ব মিত্র লেখেন, ‘এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। টানা ভারী বৃষ্টিপাত ,পাহাড় ও বন্যার কারণে চট্টগ্রামে প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি , জনজীবন ব্যহত। অনেক শিক্ষার্থীর বই-খাতা পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে, স্বাভাবিকভাবে দূর্যোগের মাঝে পড়াশোনা চালিয়ে যাওয়াও সম্ভব না। এমন পরিস্থিতিতে শুধুমাত্র ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত করাই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের দুর্যোগ কাটিয়ে উঠতে, প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী পুনরায় সংগ্রহ করতে এবং মানসিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুত হওয়ার মতো পর্যাপ্ত সময় প্রয়োজন।’
সর্ব মিত্র চাকমা আরো উল্লেখ করেন, ‘একই সময়ে ঢাকার বিভিন্ন এলাকা, কুমিল্লাসহ দেশের আরও অনেক অঞ্চলে জলাবদ্ধতা ও বন্যার কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে। অথচ চট্টগ্রাম ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে পরীক্ষা যথারীতি নেওয়া হচ্ছে। আমরা ইতোমধ্যেই দেখেছি, কুমিল্লায় কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে অনেক পরীক্ষার্থীকে।’
















