খাগড়াছড়ির গুইমারায় নিহত ৩ জনের দাহ সম্পন্ন, মামলা হয়নি

fec-image

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার রামসু বাজারে ২৮ সেপ্টেম্বরের সহিংসতার ঘটনায় নিহত ৩ যুবকের মরদেহ দাহ করা হয়েছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট  থানায় পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরি এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা হতে সাড়ে ১২টার মধ্যে নিহতদের মরদেহ গুইমারার হাফছড়ি ও সিন্ধুকছড়ি ইউনিয়নে তাদের নিজ নিজ গ্রামের শ্মশানে দাহ সম্পন্ন হয়। এর আগে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে প্রশাসন।

এদিকে গ্রামের বাসিন্দারা জানান, মরদেহ হস্তান্তরের পর রাতেই পরিবারের সদস্য ও এলাকাবাসী নিহতদের দাহ সম্পন্ন করেছে। নিহতদের মধ্যে থোয়াইচিং মারমাকে (২৫) বটতলাপাড়ায়, আখ্র মারমাকে (২৪) সাইংগুলিপাড়ায় এবং আথুই প্রু মারমাকে (২৬) লিচু বাগানে দাহ করা হয়। নিহত তিনজনের বাড়ি গুইমারা উপজেলার ২ নম্বর হাফছড়ি ইউনিয়নে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে এ ঘটনায় মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। ওসি এনামুল হক চৌধুরী বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ কোনো মামলা দায়ের করেননি।

উল্লেখ্য, ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরে এক মারমা কিশোরীকে ধর্ষণ অভিযোগ ঘটনায় ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে ডাকা অবরোধের মধ্যেই বিক্ষোভ ও সহিংসতায় রণক্ষেত্র পরিণত হয় খাগড়াছড়ির গুইমারার রামসু বাজার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সেনা সূত্রে বলা হয়, এ সময় বহিরাগতদের গুলিতে ৩ জনের মৃত্যু হয়। সেনাবাহিনীর মেজরসহ আহত হন অন্তত ২০ জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, গুইমারা, সহিংসতা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন