রাঙামাটির পাহাড়ি সড়কে রোপন করা হবে ৪১ হাজার দেশীয় প্রজাতির চারা


বর্তমান সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙামাটি সড়ক বিভাগের উদ্যোগে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কসহ ৪টি আঞ্চলিক সড়কের দু’পাশে ৪১ হাজার গাছের চারা রোপনের কার্যক্রম শুরু করেছে।
বুধবার (০১এপ্রিল) দুপুরে রাঙামাটি সড়ক বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার জেলা সদরের সাপছড়ি যৌথ খামার এলাকায় মহাসড়কের পাশে বৃক্ষ রোপন কর্মসূচীর মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপ বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, রনেল চাকমা এবং সহকারী প্রকৌশলী রেনুকা তঞ্চঙ্গাসহ সাপছড়ি যৌথখামার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সড়ক বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচীর আওতায় রাঙামাটি সদর, কাউখালি, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলার আঞ্চলিক সড়কের দুপাশে চলতি বছর এক হাজার গাছের চারা রোপন করা হবে। ২০২৭ সাল থেকে ৩০সালের মধ্যে প্রতিবছর ১০ হাজার করে গাছের চারা রোপন করা হবে।
রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, রাঙামাটির পাশাপাশি খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার সড়কের দু’পাশেও পর্যায়ক্রমে গাছের চারা রোপন করা হবে।
ঘটনাপ্রবাহ: চারা রোপন, রাঙামাটি
Facebook Comment

















