রাজস্থলীতে টানা বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কা


রাজস্থলীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টি হচ্ছে। প্রবল বর্ষণে রয়েছে পাহাড় ধসের শঙ্কা। পাহাড়ের পাদদেশে ও পাহাড়ের উপর ঝুঁকি পূর্ণভাবে বসবাস করছে প্রায় সাড়ে ৩ হাজার পরিবার। ইতিমধ্যে এসব বসবাসকারীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। পাহাড় ধসে সড়ক যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয়, সেজন্য কাজ করছে সড়ক ও জনপদ বিভাগ।
ঘূর্ণিঝড় রেমালের পর টানা বৃষ্টি অব্যাহত আছে পাহাড়ে। কখনো হালকা, কখনো মাঝারি ও আবার কখনো ভারী। যেন থামছেই না এই বৃষ্টি। পাহাড় ধসের আতঙ্ক নিয়ে স্থানীয়রা বসবাস করছে এসব এলাকায়।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র এরই মধ্যে ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে মানুষকে নিরাপদে থাকার নির্দেশ দিয়েছেন। একই সাথে মানুষকে সতর্ক করতে মাঠে নেমেছেন স্থানীয় চেয়ারম্যান মেম্বারও।
অন্যদিকে, রাঙামাটি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের কারণে এ বৃষ্টি অব্যাহত থাকবে আরও কয়েকদিন। রয়েছে ভারী বৃষ্টির শঙ্কা। তাই সতর্ক থাকতে হবে স্থানীয়দের।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিস তথ্য মতে, শুধু রাজস্থলী এলাকায় দুই হাজারের অধিক মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে।
ঝুঁকিপূর্ণ এলাকাগুলো হচ্ছে-বাজারের পূর্বে হেডম্যান পাড়া, নোয়াজিরি, আমছড়া পাড়া, চুশাসপাড়া, জান্দিমইন, টাওয়ার পাড়া, টি এন টি কলোনীতে টানা বৃষ্টিপাতে বিভিন্ন জায়গায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে রাজস্থলী বাঙ্গালহালিয়া চন্দ্রঘোনা সড়কে ধসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র জানান, উপজেলা ২৭টি ওয়ার্ডে ৯টি আশ্রয় কেন্দ্র সব সময় প্রস্তুত। পাহাড়ের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। এ বিষয়ে প্রচার-প্রচারণার মাধ্যমে মানুষকে সচেতন করা হয়েছে।

















