রামগড়-সাবরুম সীমান্তে স্থলবন্দরের নির্ধারিত স্থান পরিদর্শনে ভারতীয় এ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার
চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ভারতীয় সহকারি হাই কমিশনার সোমনাথ হালদার আজ শনিবার রামগড় সাবরুম সীমান্তে স্থলবন্দর স্থাপনের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন। চট্টগাম থেকে রামগড় পৌঁছলে উপজেলা নির্বাহি অফিসার আমিনুল ইসলাম জনাব হালদারকে স্বাগত জানান। তিনি রামগড় পৌরসভার মহামুনি সীমান্ত এলাকায় রামগড় সাবরুম স্থলবন্দরের নির্ধারিত স্থান সরেজমিনে পরিদর্শন করেন। সহকারি হাই কমিশনার স্থলবন্দর চালুর বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার আমিনুল ইসলামের কাছ থেকে খোঁজখবর নেন। এসময় মিসেস হালদার, সহকারি হাই কমিশনের এক কর্মকর্তা ও রামগড় থানার অফিসার ইনচার্জ জোবায়ের হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সহকারি হাই কমিশনার জানান, রামগড় সাবরুম স্থলবন্দর চালুর বিষয়টি দুদেশের চলমান প্রক্রিয়া। কবে নাগাদ এটি চালু হবে জানতে চাইলে এ ব্যাপারে তিনি কোন কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। পরিদর্শন শেষে হাই কমিশনার সোমনাথ হালদার রামগড় চা বাগানে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।


















