শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করা হচ্ছে : রণধীর জয়সওয়াল


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। আজ নয়া দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দেন। তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে অনুরোধ জানানো হয়েছে, তা সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার আলোকে বিবেচনা করা হচ্ছে।
ব্রিফিংয়ে এক সাংবাদিক রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার এবং তাঁর দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারতের সুনির্দিষ্ট মনোভাব জানতে চান। তিনি আরও জানতে চান, শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে ঢাকা ও নয়া দিল্লির মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগ হয়েছে কি না।
এর জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পূর্বের অবস্থানের পুনরুল্লেখ করে বলেন, ‘আমরা বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। যেমনটি আমরা আগেও বলেছিলাম, এই অনুরোধটি এখন আমাদের অভ্যন্তরীণ ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করে দেখা হচ্ছে। যেকোনো দেশের ক্ষেত্রে প্রত্যর্পণের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং তা সম্পূর্ণ আইনি ও বিচারিক কাঠামোর আলোকে বিবেচনা করা হয়ে থাকে। এই অনুরোধের ক্ষেত্রেও ভারতের প্রচলিত আইন ও দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত কী হতে পারে, সে বিষয়ে মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।
ব্রিফিংয়ে অপর এক সাংবাদিক বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো আরেকটি প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ভারতের বক্তব্য জানতে চান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের একজন রাজনীতিবিদকে হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে রেখেছে এবং তাঁকে ফেরত চেয়ে সমস্ত নথিপত্র ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

















