অসুস্থ বন্য হাতিকে সুস্থ করে ৭ ঘণ্টা পর গভীর অরণ্যে অবমুক্ত


অসুস্থ বন্য হাতিকে সুস্থ করে বনে অবমুক্ত করেছে কাপ্তাই পাল্পউড বন বিভাগ।
রবিবার সকাল ৬টায় কাপ্তাই পাল্পউড বন বিভাগ রাজভিলা ফরেস্ট রেঞ্জ আওতাধীন ঝাংকাপাড়া নামক স্থানীয় বাসিন্দারা বন বিভাগকে খবর দেয় বনের মধ্যে একটি হাতি অসুস্থ হয়ে মাটিতে লুটে আছে।
বন্যহাতি অসুস্থ সংবাদ পেয়ে কাপ্তাই পাল্পউড বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলামের (ডিএফও) নির্দেশে হাতিটির চিকিৎসা ও নিরাপত্তার স্বার্থে রাজভিলা রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন ও রাইখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহিদ হোসেন এর নেতৃত্বে বনবিভাগের একটি বিশেষ টিম উক্ত স্থানে প্রেরণ করে।
কাপ্তাই পাল্পউড বাগানটি বান্দরবান সীমান্ত হওয়ায় ওখানকার উপজেলা নির্বাহী অফিসার হাতিটির চিকিৎসার জন্য বান্দরবান প্রাণীসম্পদ অফিস সার্জেন্ট ড. আসাদুজ্জামানসহ তিনজন বিশিষ্ট একটি চিকিৎসা টিম উক্ত স্থানে প্রেরণ করেন। এসময় বঙ্গবন্ধু সাফারী পার্ক গাজীপুরের ভেটিরিনারি সার্জেন্ট ড. মানিক হাতিটির চিকিৎসার সুবিধার্থে দিকনির্দেশনা প্রদান করে। এছাড়া প্রাণীসম্পদ অফিস টিম ও কাপ্তাই পাল্পউড বনবিভাগের যৌথ প্রচেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় দীর্ঘ ৭ ঘণ্টার কঠোর পরিশ্রমের পর চিকিৎসা শেষে হাতিটিকে সুস্থ করে রাজভিলা রেঞ্জের বনবিভাগ এলাকার আওতাধীন গহীণ অরণ্যে অবমুক্ত করা হয়।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা নূরুল ইসলাম (ডিএফও) জানান, যৌথ টিমের এই অভিযান সফলতা এলাকাবাসী সহযোগিতা সকলকে অভিবাদন ও ধন্যবাদ জ্ঞাপন।
তিনি আরো জানান, বন্যপ্রাণীর সংরক্ষণ জন্য এরুপ অভিযান অব্যাহত থাকবে। সর্বোপরি রাইখালী রেঞ্জের বনবিভাগ কর্মচারী মো. হাসান মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীর নিকট বন্যপ্রাণী সুরক্ষার জন্য জনমত সচেতনতামূলক মাইকিং করে।

















