আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু : প্রধান উপদেষ্টা


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। তিনি বলেন, আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২১ মিনিটে তিনি ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিককের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন। প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি। আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন।
প্রধান উপদেষ্টার কিছুক্ষণ আগে একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে দলীয় মনোনীত প্রার্থী তারেক রহমান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।
ঢাকা-১৭ আসনে বিএনপির হয়ে নির্বাচনে লড়ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী হলেন দাঁড়িপাল্লা প্রতীকের ডা. খালিদুজ্জামান। আজকের ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত রাখা হয়েছে এবং ভোটারদের আগমন ধাপে ধাপে চলছে।
















