ঈদগাঁওয়ে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

fec-image

কক্সবাজারের ঈদগাঁওয়ে র‍্যাব-১৫-এর অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ দুইজন গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টার দিকে ঈদগাঁও উপজেলার ঈদগাঁও আলমাছিয়া মাদ্রাসার পূর্ব গেইট সংলগ্ন স্বপ্নচূড়া মার্কেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫-এর একটি চৌকস দল জানতে পারে, উক্ত এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। এ অবস্থায় ঝটিকা অভিযান পরিচালনাকালে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হচ্ছিল বলে স্বীকার করেছে। এছাড়া তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার ও নানা অপরাধে জড়িত বলে জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরছড়া চরপাড়ার মৃত আবদুন নবীর পুত্র এনামুল হক এনাম (২৩) এবং নুর আহমদের পুত্র নুরুল আবছার রিপন (৪০), প্রকাশ আবছার।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, অস্ত্রসহ আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে এবং তারা থানা হেফাজতে রয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, র‌্যাব
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন