ঈদগাঁওয়ে ৩৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন, চলছে ভোট গণনার প্রস্তুতি


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনের ঈদগাঁও উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে যথাসময়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনী পরিবেশ ছিল শান্তিপূর্ণ।
উপজেলার ৩৬টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষিত হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে বড় ধরনের কোনো গোলযোগ সৃষ্টি হয়নি। পাশাপাশি প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ও জামায়াতের নেতাকর্মী এবং ভোটারদের মাঝে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজ করছিল, যা নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সহায়তা করেছে। বিশেষ করে সেনাবাহিনীর ভূমিকা ছিল অতুলনীয়।
ইসলামাবাদ সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ মেজর ইনতিসার সালিম ছিলেন খুবই তৎপর। যখনই কোনো মাধ্যমে অভিযোগ পেয়েছেন, তড়িৎ ব্যবস্থা নিয়েছেন। এছাড়া পুলিশ, বিজিবি, আনসারসহ জনপ্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা ছিল শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের অনুকূলে। রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনার প্রস্তুতি চলছিল।
সাধারণ ভোটাররাও দীর্ঘ সতের বছর পর স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কোনো রকম বিরক্তি ছাড়াই ভোট দিয়ে ঘরে ফিরেছেন। তবে নারী ভোটগ্রহণে ধীরগতির একটি অভিযোগ ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ অভিযোগও আর ছিল না।
এদিকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে পারায় স্বস্তি প্রকাশ করে উপজেলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবীর। থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদারও শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সহযোগিতা করায় প্রশাসনের সকল স্তরের সদস্যদের পাশাপাশি ভোটারদের সাধুবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে সদর-রামু-ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫,৪০,৬৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৮৭,৪৮৪ জন, মহিলা ভোটার ২,৫৩,১৫৯ জন এবং হিজড়া ভোটার ১ জন।
ঈদগাঁও উপজেলার মোট ভোটার সংখ্যা ১,০১,৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৪,৮৭২ জন এবং মহিলা ভোটার ৪৬,৮২১ জন।

















