কক্সবাজারের গ্যাস পাম্পে ২ দফা আগুন, অগ্নিদগ্ধ ৯


কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ জন অগ্নিদগ্ধ হয়েছেন। যার মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণের তথ্য জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা ও সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর থানার ওসি ছমি উদ্দিন আগুনের তথ্যটি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টায় এন আলম এলপিজি গ্যাস পাম্পে প্রথম দফায় আগুনের সূত্রপাত হয়। আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও সাড়ে ১০টার দিকে গ্যাস পাম্পে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে আশপাশে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ নেয়। বিষাক্ত গ্যাস কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। অপরদিকে অগ্নিকাণ্ডস্থলে উৎসুক জনতার ভিড় ঠেকাতে সেনাবাহিনী চেষ্টা করছে। বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।
এর আগে সন্ধ্যায় এই গ্যাস পাম্পে হঠাৎ গ্যাস লিক হলে বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়। এরপর প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ঘটনাস্থল থেকে সরে যেতে এবং আগুন না ধরাতে বলা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, পাম্পে থাকা গ্যাস শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
পাম্পসংলগ্ন আশপাশের এলাকার কয়েকটি বসতিও আগুনে পুড়ে গেছে। ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নিশ্চিত ও উৎসুক জনতার ভিড় এড়াতে সেনাবাহিনী ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও সেনাবাহিনীর ২টি ওয়াটার ব্রাউজারসহ ২টি টিম রাত সাড়ে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনও এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে এ বিষয়ে এখনও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত অগ্নিদগ্ধসহ অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

















