টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন, অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই

fec-image

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (২৮ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ ও ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী অংশে ছনখলা নামক স্থানে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পে হঠাৎ করে আগুন লেগে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারপাশের ঝুপড়ি ঘরগুলোতে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে কেউ বলতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্থানীয় প্রশাসন ও ক্যাম্পের বাসিন্দারা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

১৬ এপিবিএন-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে সব পক্ষ কাজ করেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও অগ্নিকাণ্ডে অনেক পরিবার তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মোহাম্মদ আলম জানান, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত ২০ থেকে ২৫টি ঘর পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সিআইসি খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, এফ-ব্লক ও সিএ-ব্লকে প্রায় ২০–২৫টি ঘর আগুনে পুড়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর এর সূত্রপাত সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো সংগ্রহ করা হয়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, টেকনাফ, রোহিঙ্গা ক্যাম্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন