সৌদির আকাশসীমা ব্যবহারে বাধা, হরমুজে নৌ-অভিযান স্থগিত করলেন ট্রাম্প

fec-image

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতে পরিচালিত মার্কিন নৌ-অভিযানে অংশ নেওয়া যুদ্ধবিমানগুলোকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার কিংবা দেশ থেকে উড্ডয়নের অনুমতি দেওয়া হবে না বলে ওয়াশিংটনকে জানিয়েছে রিয়াদ। সৌদির এ অবস্থানের পর হরমুজে জাহাজ পাহারার বিশেষ নৌ-অভিযান স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত রোববার ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণার পর সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ বিস্ময় প্রকাশ করে। পরে এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। তবে আলোচনায় কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

সৌদি আরবের একটি সূত্র এনবিসি নিউজকে জানায়, বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার পাকিস্তানি কূটনৈতিক উদ্যোগকে পূর্ণ সমর্থন দিচ্ছে রিয়াদ। অভিযানের বিষয়ে সৌদি নেতৃত্ব অপ্রস্তুত হয়ে পড়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে সূত্রটি জানায়, পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং ঘটনাগুলো তাৎক্ষণিকভাবে ঘটছে।

এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র দাবি করেছেন, আঞ্চলিক মিত্রদের আগেভাগেই এ বিষয়ে অবহিত করা হয়েছিল। তবে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের এক কূটনীতিক বলেন, ট্রাম্পের ঘোষণার আগে ওমানের সঙ্গেও কোনো সমন্বয় করা হয়নি।

ওই কূটনীতিকের ভাষ্য, “যুক্তরাষ্ট্র প্রথমে ঘোষণা দিয়েছে, পরে আমাদের সঙ্গে সমন্বয় করেছে।” তবে এ ঘটনায় সংশ্লিষ্ট দেশগুলো ‘ক্ষুব্ধ বা অসন্তুষ্ট’ ছিল না বলেও তিনি উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন