অনৈতিক কর্মকাণ্ডের দায়ে বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে পাঁচবিবি পৌর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত দুই নেতা হলেন- পাঁচবিবি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সরকার ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ মণ্ডল। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাপরিপন্থি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে আমিনুল সরকার ও ফিরোজ মণ্ডলকে দলীয় সব পদপদবি থেকে বহিষ্কার করা হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস যৌথভাবে এ সিদ্ধান্ত কার্যকর করেন।

















