কুতুবদিয়ায় ডাকাতের গুলিতে জেলে নিহত


কক্সবাজারের কুতুবদিয়ার শাহাদত হোসাইন নামে এক জেলে ডাকাতের গুলিতে নিহত হয়েছেন। নিহত শাহাদত উত্তর ধুরুং মনছুর আলী হাজীর পাড়ার মৃত মো. বাদশার ছেলে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কুতুবদিয়ার পশ্চিমে মাছ ধরতে গেলে ডাকাতদের হামলার শিকার হন জেলেরা।
ফিশিং বোট মালিক নাছির উদ্দিন জানান, তার ভাই জসীম উদ্দিনের মালিকানাধীন ফিশিং বোট ২০ জন মাঝি-মাল্লাসহ সাগরে মাছ ধরতে গেলে বুধবার দুপুর ২টার দিকে ডাকাতের হামলার শিকার হয়। এসময় ডাকাতের দল বোটে উঠতে না পেরে গুলি ছোড়ে। গুলিতে শাহাদত (১৭) মারাত্মক আহত হলে রাত সাড়ে ১১টার দিকে উপকূলে বোট ফেরত এসে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হয় আহতকে।
এসময় হাসপাতালের ডা. তাসনিমুল আবেদীন রাহাত শাহাদতকে মৃত বলে জানান। সাগরে এখন নিয়মিত ডাকাতের উপদ্রব বেড়ে গেছে বলেও জানান তিনি।
থানার ওসি মো. মাহবুবুল আলম বলেন, সাগরে ডাকাতের গুলিতে নিহত শাহাদত হোসেনের মরদেহ উদ্ধারের পর বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


















