কুতুবদিয়ায় ১৭ জেলের মুক্তির দাবিতে মানববন্ধন


কক্সবাজারের কুতুবদিয়ায় ১৭ জেলের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলেরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে অমজাখালী বোট মালিক সমিতি ও মাঝিমাল্লা সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে, সাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ সুরমা উপজেলার বড়ঘোপ দক্ষিণ অমজাখালীর এফবি আল্লাহ মালিক ও এফবি মায়ের দোয়া ফিশিং বোট এবং কৈয়ারবিলের একটি টেম্পো বোটের মোট ১৭ জেলেকে বিদেশি জাহাজের মালামাল চুরির প্রস্তুতির অভিযোগে আটক করে থানায় হস্তান্তর করে।
এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল ১১টায় পাঁচ শতাধিক জেলে ও তাদের পরিবার মানববন্ধন, বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেন। মানববন্ধনে কুতুবদিয়া মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম, ছাত্রনেতা আলী ওসমান, মাহমুদুল করিম, বৃদ্ধা ভেলুয়া বেগমসহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা দাবি করেন, আটক জেলেরা নিরীহ মৎস্যজীবী এবং নিবন্ধিত জেলে সমিতির সদস্য। তাদের বিরুদ্ধে চুরি বা ডাকাতির কোনো অভিযোগ নেই, অথচ অন্যায়ভাবে তাদের আটক করা হয়েছে।
তারা অবিলম্বে ১৭ জেলের মুক্তির দাবি জানান। পরে স্থানীয় একটি ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

















