খাগড়াছড়িতে ফল মেলার সমাপনী

করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় ফল মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে সমাপনী জাতীয় ফল মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অবসরপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক যুগল পদ দে।
এসময় তিনি বলেন, খাগড়াছড়িতে প্রথম ফল চাষে বিল্পব ঘটে ১৯৯৯ সালে। শুধু খাগড়াছড়ি নয়, রাঙ্গামাটি ও বান্দরবান সহ তিন পার্বত্য জেলায়। তখন থেকে পাহাড়ের কৃষকদের ফল চাষের প্রতি আগ্রহ জন্মে। তারই ধারাবাহিকতায় আজকে খাগড়াছড়ি ফল উৎপাদনে দেশের অন্যান্য জেলার চেয়ে স্বাদ ও গুণাগুণের জন্য পরিচিতি লাভ করেছে খাগড়াছড়ি। এর পিছনে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবদান সত্যিই প্রসংশনীয়। এতে একদিকে যেমন কৃষকরা অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছে অন্যদিকে পার্বত্য অঞ্চলের কৃষিভিত্তিক সম্ভাবনাকেও আরও সমৃদ্ধ করছে।
সমাপনী অনুষ্ঠানে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক নাসির উদ্দিন চৌধুরী এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পরিচালক শস্য আহসানুল চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা সহ উর্ধ্বতন কর্মকতারা।
সমাপনী ফল মেলা অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার ফল উৎপাদনে সাফল্য অর্জনকারী তরুণ উদ্যোক্তা কৃষাণ কৃষাণীদের মাঝে ফল গাছের চারাগাছ বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়।
















