খাগড়াছড়িতে বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান

fec-image

পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ সুরক্ষায় বুধবার শহরের প্রধান বাজারে পরিচালিত হয় বিশেষ অভিযান। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা) মো. সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউনুসসহ মৎস্য অফিস ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অভিযানকালে বাজারের মাছ, মাংস, সবজি ও মুদি দোকানগুলোতে তদারকি করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা, ট্রেড লাইসেন্স হালনাগাদ রাখা এবং ক্যাশমেমো প্রদানের বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হয়। তবে অনেক ব্যবসায়ী নির্ধারিত মূল্য তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র তাৎক্ষণিকভাবে প্রদর্শন করতে পারেননি।

অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন বলেন,“রমজান মাসে যাতে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন, সে লক্ষ্যেই আজকের এ অভিযান। ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। আজ কোনো ধরনের জরিমানা করা হয়নি। তবে ভবিষ্যতে অভিযানে গাফিলতি বা অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, রমজানজুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকির মাধ্যমে রমজান মাসে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হবে।
রমজানের পবিত্রতা ও সংযমের চেতনাকে ধারণ করে খাগড়াছড়িতে যেন ন্যায্যতার বাজার ব্যবস্থা গড়ে ওঠে,এমন প্রত্যাশাই এখন সবার।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অভিযান, খাগড়াছড়ি, জেলা প্রশাসন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন