খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় কুবেন জয় ত্রিপুরা নামের যুবক নিহত


খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি স্কুলপাড়া সড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত মোটরসাইকেল আরোহী কুবেন জয় ত্রিপুরা (২৫) সিন্দুকছড়ি ইউনিয়নের পুঙ্খিমুড়া এলাকার কার্বারি কৃপাচার্য ত্রিপুরার ছেলে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শান্তি পরিবহন বাসের সঙ্গে মাটিরাঙ্গা বাজার থেকে ফেরার পথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী হনেসা ত্রিপুরা গুরুতর আহত হন। আহত হনেসা ত্রিপুরা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের সুরেন্দ্র মাস্টার পাড়ার মনোহরি ত্রিপুরার ছেলে। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে গুইমারা সদর থানার ওসি মো. সোহরাওয়ার্দী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঢাকা মেট্রো-১৪৫৯৮৩ নম্বরের শান্তি পরিবহন বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা দায়েরের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

















